বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতায় তৈরি হচ্ছে ই-গভর্নমেন্ট ইআরপি
বাজেটের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ইআরপি সফটওয়্যার। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে মূল সফ্টওয়্যারটির রয়েছে নয়টি মডিউল। এর মধ্যে বেটা সংস্করণে চারটি মডিউল তৈরি হয়েছে। চারটি মডিউলগুলির মধ্যে রয়েছে - সভা পরিচালনা, ইনভেন্টরি, সম্পদ ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট।
সফটওয়্যারের বাজেট মডিউল (ই-গভর্নমেন্ট ইআরপির অন্যতম প্রধান মডিউল) সম্পর্কিত সফ্টওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের (এসআরএস) পর্যালোচনা নিয়ে আইসিটি টাওয়ারে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো কর্মশালা।
কর্মশালায় জানানো হয়, বাজেটের মডিউলটি মূলত, বিগত বছরের বাজেটের ডেটা ব্যবহার করে বাজেট প্রস্তুতি এবং বাজেটের সাম্ভাব্য ব্যয় নির্ণয় করা, বাজেট প্রকল্পের স্বয়ংক্রিয় গণনা, সহজ ব্যয় সমন্বয় এবং ওয়েব ভিত্তিক সিস্টেমের মাধ্যমে বাজেট সম্পর্কিত তথ্যের ধারণা নিতে সহায়তা করবে। একইসঙ্গে সরকারী সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থায় ভবিষ্যতের জন্য যে কোন উন্নয়নমূলক কার্যক্রমে, দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।
এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড.অশোক কুমার রায়। এরপর সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান কোক্রিয়েটস এর সিনিয়র সিস্টেম এনালিস্ট শাহরিয়ার কবির বাজেট মডিউলের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় বাংলাদেশ অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরচিালক ইনফো সরকার ৩য় প্রকল্প বির্কণ কুমার ঘোষ, পরিকল্পনা বিভাগের উপ-সচিব মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্প পরিচালক ড. অশোক কুমার রায় বলেন, বাজেট প্রস্তুতির জন্য এই সফ্টওয়্যারটি উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। সময় এবং খরচ দুইটাই এক্ষেত্রে সাশ্রয়ী হবে, যেহেতু এটি আমাদের দেশীয় সফ্টওয়্যার কোম্পানী ডেভলোপ করছে, ভবিষ্যতে এটি দেশীয় অন্যান্য কোম্পানীকে উৎসাহীত করবে। এ মডিউলের মাধ্যমে বাজেট প্রস্তুত করা হলে স্বচ্ছতা, জবাবদিহিতা আরো অনেক বেশী স্পষ্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা তানভির আখতার বলেন, মডিউলটির কাজ সম্পন্ন হয়ে গেলে এটি সরকারের যেকোন প্রকল্প অথবা কর্মকান্ডের, ভবিষ্যতের প্রকল্প ব্যয় এবং আয়ের হিসাব প্রস্তুত করা, ভবিষ্যতের আনুমানিক আয় ও ব্যয় প্রস্তুত করা, সংস্থার ভবিষ্যতের প্রতিদিনের ক্রিয়াকলাপের অনুমান প্রস্তুত করতে এবং উক্ত অনুমানের উপর নির্ভর করে, বিবরণী এবং ব্যালান্স শিটের তৈরীতে সহায়ক হবে।
বিসিসির নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব জানান, আমি খুবই আনন্দিত, কারন এটা তৈরীতে আমাদের সামনে যে বিশাল চ্যালেঞ্জ ছিলো, আমরা সফলতার সাথে একটা পর একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সফ্টওয়্যারটি তৈরী করতে সফল হচ্ছি। বাজেট মডিউলটি অন্যান্য সফ্টওয়্যার থেকে অনেক আপগ্রেড ভার্সন, যেখানে কোন প্রকার এন্যালগ কার্মকান্ড নেই। চমৎকার এ সফ্টওয়্যারটি ভবিষ্যতের কর্মকান্ড সহজ করতে সহায়ক হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ‘ই-গভর্নমেন্ট ইআরপি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। বিসিসি ইআরপি সফটওয়্যার ডেভলপের কাজ করছে।